ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার জেলা আওয়ামী লীগ নেতা ডা. জসিম উদ্দিন, ভোলার কাচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বাবুলসহ ধামরাই, ভোলা, সাতক্ষীরা ও রাজবাড়ি থেকে বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীন সদস্যরা।
আমাদের সাভার প্রতিনিধি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রাবেয়া ক্লিনিকের মালিক ডা. জসিম উদ্দিনকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে বিকাল ৩টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ধামরাইয়ের কামালপুরস্থ ডাউটিয়া বাসস্ট্যান্ডের কাছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম ছরোয়ার টিপুর কেনা ৪৮ শতাংশ জমি বৃহস্পতিবার সকালে ডা. জসিম উদ্দিন দলবল নিয়ে দখল করতে যান। এ সময় ওই জমির রক্ষণাবেক্ষণকারী এরশাদ আলী বাধা দিলে জসিম উদ্দিন তাকে মারধর করেন।
খবর পেয়ে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করে।
এ ঘটনায় এরশাদ আলী ধামরাই থানায় একটি মামলা করেছেন।
এছাড়া সাভার উপজেলার আশুলিয়া দক্ষিণপাড়া থেকে গালকাটা মুকুল গজনবীকে (৩৪) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মুকুল মৃত হোসেন গজনবীর ছেলে। দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাকসুদা বেগম জানান, যৌথবাহিনী একটি সাধারণ ডায়রি করে মুকুলকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।
এদিকে আমাদের ভোলা প্রতিনিধি জানান, সদরের কাচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বাবুলকে বৃহস্পতিবার ত্রাণের (ভিজিএফ) সাত মণ চালসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
এ সময় ওই চাল কেনার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেনকেও আটক করা হয়।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, আটককৃতদের ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে ইসমাইল গাজী ও আবদুস সাত্তার নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ইসমাইল গাজী দেবহাটা উপজেলা সদরের ছাপেদ গাজীর ছেলে ও আবদুস সাত্তার দক্ষিণ কুলিয়া গ্রামের মতলেব মোড়লের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে যৌথবাহিনীর সদস্যরা পারুলিয়া বাজার থেকে ওই দুই তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
শফিকুর রহমান আরও জানান, তাদের জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, বুধবার রাতে জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হুসনাবাদ বাজার থেকে সোবহান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাকির হোসেন জানান, সোবহান এলাকার চরমপন্থী সাগর গ্র"পের সদস্য। তার বিরুদ্ধে সরকারি গাছ কাটা, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জকে/২২৪৯ ঘ.
bdnews24