ঢাকা ৫ জুলাই, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পিডিবি, ডেসা ও পেট্রোবাংলার মতো কোম্পানীগুলোর পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হবে। দুর্নীতির সুযোগ কমাতে চেয়ারম্যান পদ থেকে বিদ্যুৎ ও জ্বালানী বিভাগের সচিবদের সরিয়ে প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞদের নিয়োগ দিয়ে বোর্ড গঠন করা হবে।
বুধবার জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "একই মন্ত্রণালয়ের সচিবরা বোর্ডের চেয়ারম্যান হলে দুর্নীতির সুযোগ বেশি থাকে। এ কারণেই বাইরে থেকে নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এতে সচিবরা নিজেদের মন্ত্রণালয় বা বিভাগের কাজে বেশি সময় দিতে পারবেন।"
উপদেষ্টা বলেন, "এক্ষেত্রে অন্য মন্ত্রণালয়ের সচিবদেরও নিয়োগ দেওয়া যেতে পারে।"
বিদ্যুৎ বিভাগের অধীনে পিডিবি, ডেসা, ডেসকো, আরইবি, আরপিসি, পিজিসিবি এবং জ্বালানী বিভাগের অধীনে পেট্রোবাংলা, তিতাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, বাপেক্স, বিপিসিসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে।
এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য দুই বিভাগের সচিবকে নিয়ে আলাদা বোর্ড রয়েছে। সচিবরা বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কোম্পানীর প্রধানসহ এক বা একাধিক কর্মকর্তা বোর্ডের সদস্য হিসাবে রয়েছেন।
কোম্পানিগুলো পরিচালনার জন্য বোর্ড থেকেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী বোর্ড সভায় চেয়ারম্যানসহ তিনজন সদস্য উপস্থিত থাকলেই কোরাম পূর্ণ হয় এবং তারা যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
বিদ্যুৎ উপদেষ্টা জানান, কোরাম করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়। কোম্পানিগুলো সরাসরি মন্ত্রণালয়ের অধীনে থাকায় সিদ্ধান্ত নেওয়ার বেলায় মন্ত্রণালয় বা বিভাগের ইচ্ছার প্রতিফলন ঘটানো সহজ হয়। আবার অনেক সময় কোম্পানির প্রধান কর্মকর্তার ও সচিব যোগসাজশের মধ্যেমে নিজেদের স্বার্থ রক্ষার জন্য অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনা করেই পরিচালনা বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন করে বোর্ড গঠন করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24