ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভূমি-বিবাদ সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতার কারণে জনগণের দুর্ভোগ কমাতে প্রতিটি জেলায় ভূমি আদালত গঠন করার দাবি জানিয়েছে সমতা নামে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে "বাংলাদেশে ভূমি বিবাদ-২০০৬ গবেষণা রিপোর্ট উপস্থাপন" শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন পেশ করেন সমতার কর্মসূচি কর্মকর্তা বুদ্ধদেব বিশ্বাস। বিভিন্ন দৈনিক পত্রিকায় গত এক বছরে প্রকাশিত ভূমি বিবাদ, দখল বিষয়ক প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয় বলে তিনি জানান।
সমতার উপ-পরিচালক জাহিদ রহমান বলেন, "ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ সর্বশ্রান্ত হয়ে পড়ে। তাই ভূমি বিরোধ সংক্রান্ত মামলা সহজে নিষ্পত্তির জন্য প্রতিটি জেলায় পৃথক ভূমি আদালত গঠন করা প্রয়োজন।"
বুদ্ধদেব বিশ্বাস বলেন, ২০০৬ সালে ভূমি বিবাদের কারণে নারী পুরুষ মিলিয়ে ৪৭ জন নিহত ও ২০২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সংগঠিত ভূমি বিবাদ সমূহের মধ্যে মাত্র ৭১টি বা ৩৭ দশমিক ৭৭ শতাংশ ঘটনায় মামলা দায়েরের কথা প্রকাশিত সংবাদে স্থান পেয়েছে। মামলা করা ২১টি ঘটনায় পুলিশ ৯৯ জনকে বিভিন্ন সময় আটক করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পত্রিকাগুলো ভূমি বিবাদ সংক্রান্ত ঘটনার খবরের পর এর কোন ফলোআপ সংবাদ প্রকাশ করেনি।
প্রতিষ্ঠানটি বলেছে শীতকালে এবং ঢাকা বিভাগ ও নোয়াখালী জেলায় ভূমি বিবাদের পরিমাণ বেশি।
২০০৬ সালে ভূমিগ্রাসীরা যে ভূমি দখল করেছে তার মধ্যে সরকারি জমির পরিমাণ সবচেয়ে বেশি
bdnews24