২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিকল্পিত শিল্পায়নের জন্য আইনের অভাব দায়ী: শিল্প উপদেষ্টা

ভূমি ব্যবস্থাপনায় উপযুক্ত আইন ও নিয়ন্ত্রণ না থাকায় দেশের শিল্পাঞ্চলগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভূমি ব্যবস্থাপনায় উপযুক্ত আইন ও নিয়ন্ত্রণ না থাকায় দেশের শিল্পাঞ্চলগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী। বুধবার হোটেল শেরাটনে 'উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলোর পুনর্গঠন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। গীতিয়ারা সাফিয়া চৌধুরী বলেন, "নির্দিষ্ট কাজের জন্য অনুমোদিত ব্যক্তি মালিকানাধীন ভূমি অন্য কাজে ব্যবহারের জন্য নতুন করে অনুমতি নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের আইনে নেই। শিল্পকারখানার জন্য জমির বাজার এখনও অনানুষ্ঠানিক অবস্থায় রয়েছে। শিল্পকারখানাগুলোর উন্নয়নের জন্য কোনো পেশাদারী সংস্থাও এ দেশে নেই। ফলে কারখানাগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যথাযথ পরিকল্পনা ও আইন না থাকায় কিছু এলাকায় জমির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।" উপদেষ্টা জানান, ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম করিডোরে জমির দাম দ্বিগুণ হয়েছে। ঢাকা ও তার আশেপাশের এলাকায় নতুন কারখানা স্থাপন না করার জন্য শিল্প মালিকদের অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, "অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে ওঠায় পরিবেশ ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।" ঢাকার পরিবর্তে বগুড়া, যশোর ও কুমিল্লার মতো সম্ভাবনাময় এলাকাগুলোতে কারখানা স্থাপনের জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জু জিয়ান বলেন, বাংলাদেশে শিল্পায়ন ও শিল্পাঞ্চল তৈরির জন্য ভূমি ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। শিল্পাঞ্চল তৈরির মাধ্যমে ভূমির ব্যবহার বাড়ানো হলে তাতে উৎপাদনক্ষমতা বাড়বে। অন্যদের মধ্যে বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ জাইদি সাত্তার, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম ও আইএফসি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের প্রধান জেমস ক্রিটেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অর্থনৈতিক করপোরেশন (আইএফসি), বিনিয়োগ বোর্ড ও বিশ্ব ব্যাংক যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/এমএইচবি/১৮৪১ ঘ.