কক্সবাজার, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সমবায় আদালতে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব ও সাবেক সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া। বুধবার এ মামলার রায় হয়।
আইন ভঙ্গ করে চকরিয়া উপজেলার বদরখালীতে স্থানীয় বিএনপি কার্যালয়ের জন্য সমবায় সমিতির মালিকানাধীন জমি নিবন্ধনের অভিযোগে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বুধবার সমবায় আদালতের বিচারক ও জেলা সমবায় কর্মকর্তা বাহালুল আহমদ চৌধুরীর দেওয়া রায়ে বলা হয়, আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে ওই জমি নিবন্ধনের কোনও সম্পর্ক না থাকায় তাকে বেকসুর খালাস দেওয়া হলো। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামীদেরও খালাস দেওয়া হলো।
চলতি বছরের ৪ মে বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির সমিতির সদস্য আব্দুর রহমান ও কফিল উদ্দিন সমবায় আদালতে এ মামলা করেন।
মামলায় অভিযুক্ত অন্যরা হলেন, বদরখালী সমিতির সাবেক সভাপতি হাফেজ সফিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বদরখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বদরী এবং সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী।
মামলায় অভিযোগ করা হয়েছিল, সমিতির ১০ শতক জমি বদরখালীতে বিএনপি অফিস নির্মাণের জন্য ২০০২ সালের ১৭ নভেম্বর বিএনপি মহাসচিব এবং তৎকালীন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়ার নামে নিবন্ধন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24