ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ১৫টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ছাড়াও ১৭টি জেলার জেলা প্রশাসকদের পাসপোর্ট ইস্যু ও নবায়ন করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
জেলাগুলো হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফেনী, নরসিংদী, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, পটুয়াখালী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এ সংক্রান্ত 'পাসপোর্ট লাইসেন্সিং বিধিমালা ২০০৭' চূড়ান্ত করা হয়। সভা শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম এ কথা জানান।
সচিব জানান, বিধিমালার বিভিন্ন কারিগরি দিক খতিয়ে দেখতে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এরপর চূড়ান্ত প্রস্তাবটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে এ মাসের শেষ সপ্তাহ থেকেই সাভারে পাইলট প্রকল্পের কাজ শুরু হবে।
আবদুল করিম বলেন, "দেশের বাইরে ৫৭টি দূতাবাস ও দেশের ভেতরে ১৫টি আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন প্রায় এক লাখ পাসপোর্ট ইস্যু ও নবায়ন করা হয়। আঞ্চলিক কার্যালয়গুলোতে পাসপোর্ট ইস্যু ও নবায়ন করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। তাই সরকার আঞ্চলিক কার্যালয়গুলো ছাড়াও ১৭টি জেলার জেলা প্রশাসকদের পাসপোর্ট ইস্যু করার ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
এসব জেলার জেলা প্রশাসকরা একজন ম্যাজিস্ট্রেটকে পাসপোর্ট ইস্যু করার দায়িত্ব দেবেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকার জেলাগুলোতে কোনো আর্থিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবে। ইতোমধ্যে ট্রাস্ট ব্যাংক এ দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র সচিব আরো জানান, নতুন নীতিমালা অনুযায়ী পাসপোর্ট নবায়নের জন্য একটি এবং নতুন পাসপোর্টের জন্য দুটি ফরমে আবেদন করতে হবে। এজন্য আবেদনকারীদের কাছ থেকে ২০০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হবে।
অতি জরুরি পাসপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। এক্ষেত্রে পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া না গেলেও আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হবে। পরে যদি কোনো রকম নেতিবাচক প্রতিবেদন পাওয়া যায়, তবে ওই পাসপোর্ট বাতিল করা হবে। এছাড়া জরুরি পাসপোর্ট ২১ দিন এবং সাধারণ পাসপোর্ট ৩০ দিনের মধ্যে দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৭০১ ঘ.
bdnews24