বাগেরহাট, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইরানি পতাকাবাহী জাহাজ এমভি মীর দামাদ এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ইঞ্জিনরুমে ঢুকে পড়া পানি নিষ্কাশন এবং ইঞ্জিনের ক্রটি মেরামত কাজ শেষ হয়েছে। মঙ্গলবার রাতেই জাহাজটি ভারতের উদ্দেশে রওনা হবে।
মঙ্গলবার বিকালে মীর দামাদের ক্যাপ্টেন গাজী আব্দুল আলীর পাঠানো বার্তার উদ্ধৃতি দিয়ে জাহাজের স্থানীয় এজেন্ট চট্টগ্রামের বিএস কার্গো এজেন্সির সহকারী ব্যবস্থাপক নূরুল কবীর এ কথা জানান।
এদিকে নৌবাহিনীর সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফ আহসান জানান, 'মীর দামাদ' পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নৌবাহিনীর জাহাজ বিএনএস করতোয়া হিরণপয়েন্ট এলাকায় অবস্থান করবে।
মীর দামাদ গত ২৮ জুন ৯১টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের চেন্নাই (মাদ্রাজ) বন্দরের উদ্দেশে রওনা হয়।
১ জুলাই ভোররাতে বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট থেকে ৬০ নটিকাল মাইল দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে জাহাজের ইঞ্জিন রুমের বার্বি পাম্প লিক হওয়ার ফলে পানি ঢুকে প্রধান ইঞ্জিন ও জেনারেটর সিস্টেম বিকল হয়ে পড়ে। ফলে জাহাজটি সেখানে নোঙর করতে বাধ্য হয়।
খবর পেয়ে মংলা নৌ-ঘাঁটি থেকে বিএনএস করতোয়া রোববার রাতে ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজের ক্রুরা রোববার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে ক্রটি মেরামত কাজ শেষ করেন।
মীর দামাদের ১৭ জন নাবিক ও ক্রু এর মধ্যে চার জন বাংলাদেশীও রয়েছেন। তারা হলেন, ক্যাপ্টেন গাজী আব্দুল আলী, প্রধান প্রকৌশলী মো: ফকরুল ইসলাম, সেকেন্ড অফিসার এ কে এম আসলাম এবং থার্ড ইঞ্জিনিয়ার মো. এহসানুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৩৯ ঘ.
bdnews24