২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় রিমান্ডে মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি

রিমান্ড চলাকালীন আসামীর মৃত্যুর ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

কুমিল্লা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রিমান্ড চলাকালীন আসামীর মৃত্যুর ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটিকেই আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটির অপর দুই সদস্য হলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক ও ডেপুটি সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। আসামী মুন্সী মনসুর আলীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মীর শহিদুল ইসলাম। পুলিশের ওই তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আমিন। সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী। ২৭ জুন কুমিল্লা শহরের শাসনগাছা এলাকা থেকে মনসুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৮ জুন তাকে আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়া হয়। ১ জুলাই রাতে অসুস্থ হয়ে পড়লে মনসুর আলীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দুটার পর সেখানেই তার মৃত্যু হয়। ২ জুলাই ময়না তদন্ত শেষে তাকে স্টেশন রোডে বিআরটিসি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। পুলিশ দাবি করেছে, রিমান্ডে থাকা অবস্থায় মনসুর আলীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। তবে মনসুরের ছেলে জয়নাল আবেদিন অভিযোগ করেছেন, পুলিশের নির্যাতনেই তার বাবার মৃত্যু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৫ ঘ.