ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- একটি দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ টুকু এবং মেয়ে সারা হাসিন মাহমুদকে মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলা আসামি টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদও বিকেলে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তিন জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ইকবাল মাহমুদ টুকুও গত ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।
মোহাম্মদপুর থানায় দায়ের করা ওই দুর্নীতির মামলায় টুকুর স্ত্রী ও মেয়েকে দুপুরে গ্রেপ্তার করা হয়। (আরও তথ্যসহ-১)
মোহাম্মদপুরে ১/৭ আসাদ অ্যাভিন্যুতে টুকুর বাড়ির নিরাপত্তা-প্রহরী মজিবর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দুইটার দিকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল বাসায় এসে রোমানা মাহমুদ এবং সারা হাসিন মাহমুদকে নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি দুর্নীতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পরে বিকেল চারটায় তাদের ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হকের আদালতে হাজির করা হয়। একই সময়ে টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদও আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শাহরিয়ার চৌধুরী ২১ মার্চ ইকবাল হাসান মাহমুদ টুকু, তার স্ত্রী রোমানা মাহমুদ টুকু, ছেলে আবেদ হাসান মাহমুদ টুকু এবং সারা হাসিন মাহমুদ টুকুর বিরুদ্ধে সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/পিবি/পিসি/এসি/জিএনএ/এমএইচবি/১৮১৩ ঘ.
bdnews24