ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দোহারের একটি ছিনতাই মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এছাড়া বিদেশি মুদ্রা বাইরে পাচারের উদ্দেশ্যে নিজ বাসায় রাখার অপরাধে ডেমরার সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়েছে।
ছিনতাই মামলায় মঙ্গলবার দুপুরে নাজমুল হুদাসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার জেলা হাকিম আদালতের বিচারক দেলোয়ারা বেগমের আদালতে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠন শেষে আগামী ৯ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় নিজেকে নির্দোষ দাবি করেন নাজমুল হুদা।
মামলার অপর দুই আসামী দোহারের দক্ষিণ জয়পাড়া গ্রামের হায়দার আলী হিরো ও দোহারঘাটা গ্রামের মুনির হোসেন পলাতক রয়েছেন।
অভিযোগে বলা হয়, নাজমুল হুদার নির্দেশে গত বছরের ২৮ অক্টোবর সন্ধ্যায় মামলার বাদী দোহারের চর নুরপুর গ্রামের মো. সালাউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার কাছ থেকে হাতঘড়ি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ঘটনার সময় বাদীকে পেটানোর নির্দেশও দেন নাজমুল হুদা।
চলতি বছর ৬ মার্চ নাজমুল হুদাসহ তিন জনের নাম উল্লেখ করে দোহার থানায় মামলাটি করেন সালাউদ্দিন।
এদিকে বিদেশি মুদ্রা বাইরে পাচারের উদ্দেশ্যে বাসায় রাখায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ঢাকা মহানগর বিশেষ আদালত-৯ এর বিচারক সৈয়দ জাহেদ মনসুরের আদালতে অভিযোগ গঠন হয়।
আদালতে সালাহউদ্দিনকে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি বলেন, "আমি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক কারণে আমাকে এ মামলায় জড়ানো হয়েছে।"
অভিযোগে বলা হয়, চলতি বছরের ৪ ফেব্র"য়ারি রাতে সালাহউদ্দিনের শ্যামপুরের বাসা থেকে ৫ হাজার ৪০০ ইউএস ডলার, ৭ হাজার ৪০০ সৌদি রিয়াল এবং এক হাজার ৫৫০টি বাথ উদ্ধার করে যৌথবাহিনী। এসব বিদেশি মুদ্রা বাংলাদেশ ব্যাংকের অনুমতি না দিয়ে দেশের বাইরে পাচারের জন্য রাখা হয়েছিল।
আদালত আগামী ৯ জুলাই এ মামলায় সাক্ষগ্রহণের দিন ধার্য করেছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24