ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিলেটের ২৩৫ উত্তর বাগবাড়ি এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা বিধান কুমার সাহাকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে ফটিকছড়ির কাঞ্চননগর রাবারবাগান এলাকা থেকে সোমবার গভীর রাতে বেশকিছু অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি জি থ্রি রাইফেল ও এর তিনটি ম্যাগাজিন, একটি থ্রি নট থ্রি রাইফেল ও এর একটি ম্যাগাজিন, পয়েন্ট টু টু বোরের এয়ারগান একটি এবং থ্রি নট থ্রি রাইফেলের ২৪৫টি, জি থ্রি রাইফেলের ৭৫টি, এম ১৬ রাইফেলের ২৪টি গুলি সহ মোট ৩৪৫ রাউন্ড গুলি।
ফটিকছড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই এনামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে রাবারবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব জানায়, মঙ্গলবার ভোরে সিলেটের ২৩৫ উত্তর বাগবাড়ি এলাকা থেকে বিধান কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়। তাকে র্যাব--৯ এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধানের সহযোগী নিলয় এর বাসায়ও অভিযান চালায় র্যাব। নিলয়কে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে র্যাব-৯ আমেরিকার তৈরি দুইটি শটগান, একটি একে টুয়েন্টি টু, দুইটি ম্যাগাজিন, একটি রিভলবার ও দুইটি এসবিবিএল গানের ব্যারেল উদ্ধার করেছে।
র্যাব-৯ এর লেঃ কর্ণেল মো. ফেরদৌস খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিধান কুমার সাহা একজন অস্ত্র বিক্রেতা। চট্টগ্রাম থেকে অস্ত্র কিনে এনে সে বিক্রি করতো এবং ভাড়া দিত।
পুলিশের ওপর হামলাসহ বিধান কুমার সাহা একাধিক মামলার আসামী বলে জানান তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলেও আরেকজন র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এফএফ/এএনএস/এইচডি/আরএ/জিএনএ/১১৪৩ ঘ.
bdnews24