২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিম দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র: দেড়কোটি টাকার গড়মিল

দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে এক কোটি ৬০ লাখেরও বেশি টাকার হিসাব কম দেখানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 05:21 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে এক কোটি ৬০ লাখেরও বেশি টাকার হিসাব কম দেখানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। কমিশনের তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মাহবুবুল আলম সোমবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। এর আগে কমিশনের বৈঠকে অভিযোগপত্র দাখিল করার সিদ্ধান্ত হলেও সোমবারই কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী এতে চূড়ান্ত অনুমোদন দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, হিসাব বিবরণীতে আসবাবপত্রের মূল্য বাবদ ২৩ লাখ ৪৭ হাজার এবং ইলেকট্রনিক্স সামগ্রী বাবদ ২২ লাখ ২০ হাজার টাকার হিসাব কম উল্লেখ করা হয়েছে। ঢাকার তেজগাঁও থানার পশ্চিম রাজাবাজারে স্ত্রীর নামে থাকা বাসার মূল্য বাবদ ১৩ লাখ এবং সিরাজগঞ্জের বাড়ির মূল্য বাবদ ৮২ লাখ ১৪ হাজার ১৩৯ টাকাও কম দেখানো হয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংকের ফেডারেল শাখায় তিন লাখ এক হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় চার লাখ ৬৯ হাজার ৫৮৭, লকারে ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, পাবনা সদরের কাশিনাথে দুই লাখ ৪৮ হাজার ৪২ মূল্যের তিন দশমিক ৯২ একর জমি, আলামিন সিটি টাওয়ারে দুইটি ফ্ল্যাট, একটি গাড়ি ও একটি গ্যারেজ বুকিং বাবদ নয় লাখ ১৯ হাজার টাকার হিসাবেও গড়মিল রয়েছে। প্রসঙ্গত, এর আগে, গত ২১ মার্চ ওই দুইজনের বিরুদ্ধে এক কোটি ১৬ লাখ টাকার সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২৩১১ ঘ.