২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার তোফায়েলের সংস্কার প্রস্তাবেও যৌথনেতৃত্বের সুপারিশ

আব্দুর রাজ্জাকের পর এবার তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সংস্কার নিয়ে সোমবার নিজের প্রস্তাব পেশ করেছেন। তার খসড়া প্রস্তাবেও বলা হয়েছে, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একই ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন, তাকে দলীয় প্রধানের পদ ছেড়ে দিতে হবে। একইভাবে সভাপতিমন্ডলীর সদস্য, সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃত্বের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে। ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, "এটি এখন সময়ের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০২(বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম)--- আব্দুর রাজ্জাকের পর এবার তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সংস্কার নিয়ে সোমবার নিজের প্রস্তাব পেশ করেছেন। তার খসড়া প্রস্তাবেও বলা হয়েছে, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একই ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন, তাকে দলীয় প্রধানের পদ ছেড়ে দিতে হবে। একইভাবে সভাপতিমন্ডলীর সদস্য, সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃত্বের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে। ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, "এটি এখন সময়ের দাবি। তবে সংস্কার নিয়ে যে প্রস্তাবই হোক না কেনো, তা দলের কাউন্সিলেই চূড়ান্ত করা হবে।" তিনিও আবদুর রাজ্জাকের মতো একক নেতৃত্বের অবসান করে যৌথনেতৃত্ব চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, দলের ভেতরে অধিকতর গণতন্ত্রয়ান প্রক্রিয়া চালু করতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে যৌথনেতৃত্ব প্রয়োজন। একক নেতৃত্বের কারণে তৎকালীন সরকার পতনের লক্ষ্যে ৩০ এপ্রিল সময়সীমা বেঁধে দেওয়া ও খেলাফত মজলিশের সঙ্গে ৫ দফা চুক্তি করার মতো ভুলের ঘটনা ঘটে। যৌথনেতৃত্ব থাকলে এই ধরনের ভুল হতো না। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের '৭৪ সালের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ''ওই সময়ে বঙ্গবন্ধু নিজে দলীয় প্রধানের পদ ছেড়ে প্রধানমন্ত্রী হন। আর আবু হেনা কামরুজ্জামান বাণিজ্যমন্ত্রীর পদ ছেড়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন। আওয়ামী লীগে একই ব্যক্তির দলীয় পদ ও সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার বিধান ছিল না। '৯২ সালে আমরা এ ব্যবস্থার পরিবর্তন এনেছি।'' তিনি একই সঙ্গে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীর মধ্যে ক্ষমতার অংশীদারের পক্ষে মত প্রকাশ করেন। তার কথা: '' গত ৫ বছরে যা ঘটেছে, দুর্নীতি-লুটপাট ও যে নির্যাতন হয়েছে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলে এরকম হতো না।'' তিনি সংবিধানে ৭০ অনুচ্ছেদকে যুগোপযোগী করার কথা বলেন। প্রসঙ্গত, ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে দল থেকে নির্বাচিত হবেন, সেই দলের মতামতের বাইরে ভোট দিতে পারবেন না। অথবা দলের সিদ্ধান্তের পক্ষে ভোট না দেওয়ার জন্য অনুপস্থিত থাকলে তিনি সদস্য পদ হারাবেন। গত ২ এপ্রিল সেনা প্রধান জেনারেল মইন উ আহমদ রাষ্ট্রবিজ্ঞান সমিতির আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলেন। তোফায়েল আহমেদ জানান, সংস্কার নিয়ে এসব তার নিজস্ব ভাবনা। তিনি মনে করেন, তার প্রস্তাব দলের কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিলে গৃহীত হলে তা কার্যকর হবে। তার প্রস্তাবে আরও বলা হয়, দলের কোনো নেতা বা কর্মী ফৌজদারি মামলায় নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ আদালতে দণ্ডিত হলে নির্বাচনের অংশ নিতে বা দলীয় কোনো পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তিনি সংগঠনের তহবিল ও হিসাব রক্ষার বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য দলের আয়-ব্যয়ের হিসাব লিখিতভাবে কোষাধ্যক্ষের মাধ্যমে ত্রৈমাসিক সভায় উপস্থাপনের প্রস্তাব করেন। সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল বলেন, '' আমি বুঝতে পারছি না, আমরা কী কারণে সরকারের প্রতিপক্ষ হতে যাচ্ছি। আমরা তো বিরোধী দল নই।'' তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,'' এই সংস্কার বহু ভাল কাজ করেছে। এ সরকারের সফলতার ওপর অনেক কিছু নির্ভর করছে। আমাদের উচিত দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে সরকারকে সহযোগিতা করা। '' তবে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, ''এ সরকার যতদিন নিরপেক্ষ থাকবে, ততদিন কোনো উপদেষ্টার এমন মন্তব্য করা উচিত হবে না, যাতে তারা বির্তকিত হন। একই সঙ্গে আমাদের এমন কথা বলা উচিত হবে না, যাতে মনে হবে আমরা বিরোধী দল।'' সংস্কারের পক্ষে জোরালো অবস্থান ব্যাখ্যা করে তোফায়েল বলেন, আওয়ামী লীগে সংস্কার করতে হবে। তবে আওয়ামী লীগকে কেউ ভাঙতে পারবে না। যে কোনো মূল্যে এই দল ঐক্যবদ্ধ থাকবে। তিনি 'বাইরের উসকানিদাতা ও ভেতরে অনুপ্রবেশকারীদের' ব্যাপারে নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানান। প্রসঙ্গত গত শনিবার আব্দুর রাজ্জাক তার বাসভবনে সাংবাদিকদের সামনে সংস্কার প্রস্তাব উত্থাপন করে জানান এটি তার নিজস্ব প্রস্তাব। এরপর তোফায়েল আহমদ এই প্রস্তাব দিলেন। দুজনের প্রস্তাব প্রায় অভিন্ন। তোফায়েল আহমেদ প্রস্তাব পেশের সময় সাংবাদিকদের জানান তিনি এ নিয়ে কারো কোন প্রশ্নের জবাব দেবেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এমএইচবি/২০১৫ ঘ.