ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হজ ফ্লাইট পরিচালনার জন্য থাইল্যান্ডের পুকেট এয়ারলাইন্সের দুটি বোয়িং উড়োজাহাজ ইজারা নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ।
পুকেট এয়ারলাইন্সের বোয়িং-৭৪৭ থ্রি হান্ড্রেড ও বোয়িং-৭৪৭ টু হান্ড্রেড সিরিজের উড়োজাহাজ দুটির জন্য সরকারকে ৭০ লাখ ডলার দিতে হবে। প্রতিটি উড়োজাহাজ প্রতিবারে ৪৬৪ জন যাত্রী পরিবহণ করতে পারবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উড়োজাহাজ ইজারা করার প্রস্তাবটি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বিমান ২০ হাজার হজযাত্রী পরিবহণের জন্য দরপত্র ডেকেছিল। পুকেট এয়ারলাইন্স সর্বনিম্ন দরদাতা হওয়ায় তাদের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।"
তিনি আরও জানান, বৈঠকে ২৫ হাজার ব্যাগ দানাদার ইউরিয়া সার আমদানি, রেল খাতের উন্নয়নে দুটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের কাছ থেকে জ্বালানি তেল আমদানির জন্য নতুন প্রিমিয়াম নির্ধারণ ও চট্টগ্রামে ৫০০ টেলিফোন লাইন স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/১৮২৩ ঘ.
bdnews24