ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির মামলায় সাবেক বিএনপি সাংসদ আলী আসগর লবীর স্ত্রী খুশনুদ আসগরকে কারাগারে পাঠানো হযেছে।
সোমবার বিকেলে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন একটি দুর্নীতি মামলায় লবীর স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার দিন ধার্য করেছে আদালত।
গত ২৬ জুন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলশান থানা পুলিশ দুর্নীতির মামলায় অভিযুক্ত লবীর স্ত্রী খুশনুদকে গ্রেপ্তার করে। ওই দিন থেকে তিনি পুলিশের তত্ত্বাবধানে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খুশনুদ লবীর আইনজীবীরা সোমবার আদালতের কাছে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বলেন, খুশনুদ লবী অসুস্থ। তার আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। এ মামলায় আদালতে হাজিরা দেওয়া থেকে তাকে মুক্তি দেওয়া হোক।
আাদালত আইনজীবীদের আবেদন নাকচ করে খুশনুদ লবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ মার্চ গুলশান থানায় দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শিরিন পারভিন বাদী হয়ে লবী ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে ২৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24