বরিশাল, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বানারীপাড়া থানায় তদন্তকারী কর্মকর্তার অনুপস্থিতিতে রিমান্ডের এক আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে যৌথবাহিনী। জিজ্ঞাসাবাদের সময় ওই আসামি, বানারীপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম শিপলু (২৫) অসুস্থ হয়ে পড়ায় তাকে শনিবার গভীর রাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল বিভাগীয় পুলিশ উপমহা পরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুপস্থিতিতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা আইনসম্মত নয়।
বানারীপাড়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, শনিবার সন্ধ্যার পর লাল রঙের মাইক্রোবাসে চড়ে যৌথবাহিনীর শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা থানায় আসেন।
তাদের এক জন নিজেকে র্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ বলে পরিচয় দিয়ে থানার হাজতখানার চাবি নিয়ে শিপলুকে বের করে পাশ্ববর্তী একটি কক্ষে নিয়ে যায় বলে জানান ফরিদুজ্জামান। ওই দুই কর্মকর্তা শিপলুকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে বানারীপাড়া থানা থেকে চলে যান।
জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করে র্যাব কর্মকর্তা মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "২০০৬ সালের ২৯ নভেম্বর বানারীপাড়া হাসপাতাল রোডে আওয়ামী লীগের মিছিলে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে শিপলুকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে শিপলু সামান্য অসুস্থ হয়ে পড়লে আমরা বানারীপাড়া থেকে চলে আসি। রাতে খোঁজ নিয়ে জেনেছি সে ভালো আছে।"
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আলীমুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "আদালত গত বৃহস্পতিবার শিপলুকে চার দিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করে। শনিবার বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে তাকে বানারীপাড়ায় আনা হয়। সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের কথা ছিল। কিন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমি তার সঙ্গে চাখারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় যাই।"
তিনি আরও বলেন, "শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমি চাখার থেকে থানায় পৌঁছে ঘটনা শুনতে পাই। আসামীর শারীরিক অবস্থার অবনতি দেখে রাত ১ টার দিকে তাকে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করি।"
শেরে বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম মাহমুদ সেলিম জানান, শিপলু এখন তার ওয়ার্ডে (তৃতীয় তলার চার নম্বর কক্ষে) চিকিৎসাধীন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, "চাখার ইউনয়নের বড় ভৈৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার রাতের সভায় থানার উপ-পরিদর্শক মো. আলীমুজ্জামান আমার সঙ্গে ছিলেন। যৌথবাহিনী কর্তৃক শিপলুকে জিজ্ঞাসাবাদের বিষয়টি আমি সেকেন্ড অফিসার ফরিদুজ্জামানের কাছ থেকে শুনেছি।"
তদন্তকারী কর্মকর্তার অনুপস্থিতিতে জিজ্ঞাসাবাদের বিষয়ে আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ডিআইজি ডিআইজি মুহাম্মদ আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, আসামীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করার পর ওই আসামীর যাবতীয় দায়দায়িত্ব তদন্তকারী কর্মকর্তার। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যৌথবাহিনীর সদস্যরা আসামীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তবে তা হতে হবে তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে।
তবে শিপলুকে জিজ্ঞসাবাদের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়টি আমার জানা নেই। পুলিশ সুপার ভালো বলতে পারবেন।"
বরিশাল জেলা পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদের পর শিপলু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার প্রথম প্রহরে (রাত সাড়ে ১১ টা থেকে পৌনে ২ টায় পর্যন্ত ) সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, গাড়ি নিয়ে এসে যৌথবাহিনীর কর্মকর্তারা দফায় দফায় শিপলুর খোঁজখবর নিচ্ছেন।
বানারীপাড়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের '' মীর মঞ্জিল" থেকে ২২ জুন শুক্রবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর শহীদুল ইসলামের ছোট ভাই পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম শিপলুকে পুলিশ আটক করে।
বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাকে আদালতে পাঠানো হয় বলে জানান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24