বরিশাল, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসী ট্যারা শাহজাহান হত্যা মামলার চার আসামীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার এ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, সুলতান শরীফ, গিয়াস উদ্দিন এবং মো. মামুন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক মীর কাসেম রোববার আসামীদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানান। বিচারক মুনিম হাসান তখন চার আসামীকে তিন দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২০০৩ সালে ১৬ সেপ্টেম্বর নগরীর জিয়া সড়কে নিজ বাড়ির সামনে খুন হন ট্যারা শাহজাহান।
ওই ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহজালাল বাদী হয়ে থানায় এবং নিহতের স্ত্রী রেনু বেগম বরিশাল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেন। তবে দুই মামলায় নাম উল্লেখ করে কাউকে আসামী করা হয়নি।
পুলিশ বাদী হওয়া মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজ আহমেদ চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ট্যারা শাহজাহান গণরোষে নিহত হয়েছেন। তাতে নির্দিষ্ট করে কাউকে অভিযুক্ত করা হয়নি।
হত্যাকাণ্ডের চার বছর পর তার স্ত্রী চলতি বছরের ৫ জুন কোতয়ালি থানায় মেয়র সরোয়ারসহ ২১ জনকে আসামী করে নতুন করে এজাহার দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা মীর কাশেমের আবেদনে পরিপ্রেক্ষিতে হত্যা মামলাটি পুনরুজ্জীবিত হয়। অভিযুক্ত আব্দুল খালেক গত ২৫ জুন জবানবন্দিতে মেয়র সরোয়ার ও কমিশনার আতিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.
bdnews24