ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন এক সঙ্গে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে স্থানীয় সরকার পলিসি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত 'স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার ভাবনা' শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন এক সঙ্গে হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন এক সঙ্গে না করলে পরে আর স্থানীয় সরকারের নির্বাচন হবে না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এবং ২০০১ সালে বিএনপি সরকার উভয়ই বলেছিল উপজেলা পরিষদের নির্বাচন করবে। কিন্তু তারা কেউই সেটা বাস্তবায়ন করে নাই।"
তিনি বলেন, "স্থানীয় সরকার চোরাগুপ্তা হামলার শিকার। রাজনৈতিক দলগুলো এর ওপর গেরিলা হামলা চালিয়েছে।"
আকবর আলি খান বলেন, "সামরিক একনায়কতন্ত্র সরকার স্থানীয় সরকারের পক্ষে কাজ করেছে, গণতান্ত্রিক সরকার এর বিপক্ষে কাজ করেছে।
"রাজনৈতিক দলের সংস্কারের চেয়ে বড় সংস্কার হল স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার। এই স্থানীয় সরকারের সংস্কার যতোটা সুফল নিয়ে আনবে অন্য কোন সংস্কার ততোটা সুফল নিয়ে আনবে না।
"স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো স্থানীয় সাংসদদের নাক গলানো। এটা গণতন্ত্রের বিরোধী, সংবিধানের বিরোধী। এর অবসান হওয়া দরকার।"
তিনি বলেন, নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি স্থানীয় সরকার কমিশন গঠন হওয়া প্রয়োজন। এর মাধ্যমে স্থানীয় সরকার সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব।
ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সালাহউদ্দিন আমিনুজ্জামান।
তত্ত্বাবধায়ক সরকার গঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ কমিটির সদস্য অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, "প্রশাসনের ব্যক্তিরা বলছেন স্থানীয় সরকারকে স্বাধীন করে দিলে জবাবদিহিতা থাকবে না। কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকারের ওপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নিতে হবে। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব পালনের জন্য ক্যাপাসিটি বিল্ডিং করার ব্যবস্থা করতে হবে।"
তিনি বলেন, "একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করতে হবে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের কাছে জবাবদিহিতা না করে স্থানীয় সরকার কমিশনের কাছে করবে। কমিশন গঠনের ব্যাপার আমরা কমিটিতে আলোচনা করবো।"
অধ্যাপক ড. সালাহউদ্দিন আমিনুজ্জামান বলেন, "আশ্চর্যজনক হলেও সত্যি যে, স্থানীয় সরকার ব্যবস্থার যতটুকু উল্লেখ্যযোগ্য সংস্কার বা পরিবর্তন ঘটেছে তার বেশিরভাগই হয়েছে সামরিক ও একনায়কতান্ত্রিক শাসনামলে।"
তিনি বলেন, "জাতীয় ও স্থানীয় সরকারের মধ্যে অর্থ বন্টনের ক্ষেত্রে কোন নীতিমালা নাই। এক্ষেত্রে একটি স্বচ্ছ নীতিমালা থাকা প্রয়োজন। স্থানীয় সরকারের কার্যক্রমমে কোনো অবস্থাতেই সংসদ সদস্যদের জড়িত করা যাবে না।"
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকার, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি টঙ্গি পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিরাজগঞ্জের পূর্ণিমাগাতি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, গাইবান্ধা সদর পৌরসভার চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান টুলু প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জিএনএ/১৭১৯ ঘ.
bdnews24