২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে বাদ দেওয়ার কথা বলেননি রাজ্জাক : আবু সাইয়িদ

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক তার সংস্কার প্রস্তাবে শেখ হাসিনাকে বাদ দেওয়ার কথা বলেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক আবু সাইয়িদ। আব্দুর রাজ্জাকের গত শনিবারের উত্থাপন করা সংস্কার প্রস্তাব সম্পর্কে রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা অনুমান নির্ভর মন্তব্য করে আবু সাইয়িদ বলেন, "প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত এই সংবাদে মিসলিড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক তার সংস্কার প্রস্তাবে শেখ হাসিনাকে বাদ দেওয়ার কথা বলেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক আবু সাইয়িদ। আব্দুর রাজ্জাকের গত শনিবারের উত্থাপন করা সংস্কার প্রস্তাব সম্পর্কে রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা অনুমান নির্ভর মন্তব্য করে আবু সাইয়িদ বলেন, "প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত এই সংবাদে মিসলিড করা হয়েছে। আবদুর রাজ্জাক তার সংস্কার প্রস্তাবে শেখ হাসিনাকে বাদ দেওয়ার কথা বলেননি।" রোববার দুপুরে তার ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক তার 'ব্যক্তিগত' সংস্কার প্রস্তাবে উল্লেখ করেছিলেন, "একই ব্যক্তি পরপর দুই মেয়াদে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারবেন না।" এ ছাড়া প্রস্তাব পাঠ শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, "কে কাকে মাইনাস করে, কর্মীরা দলের শক্তি, কর্মীরা যা চাইবে তাই হবে। এই সংস্কার প্রস্তাব কাউকে বাদ দেওয়া বা প্রতিষ্ঠিত করার জন্য নয়।" তবে তার এই ব্যক্তিগত প্রস্তাব প্রসঙ্গে কোন কোন দৈনিকে বলা হয় 'কৌশলে বাদ পড়ছেন হাসিনা' কিংবা 'শেখ হাসিনাও মাইনাস'। কোন কোন দৈনিকে অতিরিক্ত আক্রমানত্মক হয়ে লিখা হয় 'হাসিনাকে বাদ দিয়ে রাজ্জাকের সংস্কার প্রস্তাব' কিংবা 'শেখ হাসিনাকে কৌশলে বাদ দেয়ার আয়োজন'। এ প্রসঙ্গে আবু সাইয়িদ বলেন, "একই ব্যক্তি পরপর দুই মেয়াদে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। শুধু কেন্দ্র নয়, জেলা ও থানা পর্যায়েও এ নিয়ম কার্যকর করতে হবে। এ ছাড়া একই ব্যক্তি সরকারি ও দলীয় পদেও একসঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন না।" তিনি সাংবাদিকদের জানান, আব্দুর রাজ্জাক যে সংস্কার প্রস্তাব দিয়েছেন তা পুরো প্রস্তাব না, এটি একটি প্রস্তাবের সারাংশ মাত্র। আওয়ামী লীগ নেতা আবু সাইয়িদ আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সিনিয়র নেতারা তাদের সংস্কার প্রস্তাব পেশ করবেন। সকলের সংস্কার প্রস্তাব এক করে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার পর বিচার বিশ্লেষণ শেষে কার্যনির্বাহী সংসদে মূল সংস্কার প্রস্তাব উত্থাপন করা হবে। তার পরই সংযোজন-বিয়োজন করার পর এটি কাউন্সিলে উত্থাপন করা হবে। কাউন্সিলররাই সিদ্ধান্ত নেবেন কতটুকু সংস্কার হবে এবং প্রয়োজন। ৩০ জুনের মধ্যেই কেন আব্দুর রাজ্জাক সংস্কার প্রস্তাব দিলেন এক্ষেত্রে তাদের ওপর কোন চাপ ছিল কী না প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমাদের ওপর কোন নিম্ন বা উর্ধ্ব চাপ নেই। নিজেদের তাগিদেই এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। যারা মনে করে দলে অধিকতর সংস্কার প্রয়োজন শুধু তারাই সংস্কার প্রস্তাব দিয়েছেন।" অপর এক প্রশ্নের জবাবে বলেন, "সংস্কারের বিপক্ষে কেউ নেই, এটিকে ইতিবাচকভাবে দেখতে হবে। এই সংস্কারের পক্ষে বিপক্ষে আলোচনা-সমালোচনা হবে, আমরা এগুলোকে ইতিবাচকভাবেই দেখতে চাই।" তিনি জানান, পর পর দুই বারের বেশি কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে না পারলেও বিরতি দিয়ে আবার সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়া যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এইউএম/এএল/জিএনএ/১৫০০ ঘ.