ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে যাতে নিজেদের কার্যালয়ে আলোচনা করতে পারে তা বিবেচনা করে সরকার ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে বলে জানিয়েছেন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
রোববার আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন,"প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।"
তিনি বলেন, "সংস্কার নিয়ে ঘরে বসেই কথা বলছে রাজনৈতিক দলগুলো। অফিসে বসে কথা বলতে পারছেনা। তারা যাতে অফিসে বসে আলোচনা করতে পারে সেইজন্য ঘরোয়া রাজনীতির ওপর একটা সীমারেখা টেনে দেওয়ার চিন্তা হচ্ছে। এটা পুর্ণাঙ্গ রাজনীতি নয়।"
আইন উপদেষ্টা বলেন, "সংস্কারের কাজে গতি আছে। সংস্কার শুরু করাদের জন্য এই কাজ সহজ নয়। দীর্ঘদিনের একটা প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সংস্কারের কাজ করতে হচ্ছে। এজন্য তাদের কাউন্সিল ডেকে বৈঠক করতেই হবে।"
রাজনৈতিক দলগুলোতে 'সংস্কার' শুরু হওয়ায় আশা প্রকাশ করে মইনুল বলেন,"যেকোনো কাজ শুরুতে একটু কঠিনই হয়। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়।তাড়াহুড়ো করে বড় ধরনের সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে। কিন্তু নির্বাচনের আগে একশভাগ সংস্কার সম্ভব নয়। তবে সংস্কার শুরু হয়েছে এটাই আশার কথা।"
'সংস্কারপন্থীদের' মধ্যে কোনও দুর্নীতিবাজ থাকলে, তাদেরকেও ছাড়া হবে না বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, "সাংবাদিক, আইনজীবি, বুদ্ধীজীবিসহ বিভিন্ন পেশার লোকেরা রাজনৈতিক দলের নেতানেত্রীদের তোষামোদ করেছেন। এদিক থেকে ভাবলে রাজনীতিকে নষ্ট করার জন্য তোষামোদকারীরাও দায়ী।"
দেশের বর্তমান অবস্থার জন্য দলীয় রাজনীতিকে দায়ী মইনুল বলেন, "দুর্নীতিবাজরা এসব দলের ছত্রছায়ায় থেকে দুর্নীতির উৎসব করেছে। নিজেদের তারা সব কিছুর উর্দ্ধে ভেবেছে। এখন সে অবস্থার পরিবর্তন এসেছে।"
দুর্নীতিবাজদের সাজা দিতে না পারলে সৎ সরকার প্রতিষ্ঠার লক্ষ্য পুরণ হবে না বলেও জানান আইন উপদেষ্টা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচবি/ইএইচডি/আরবি/জিএনএ/১৩২৪ ঘ.
bdnews24