২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর হামলায় বিজ্ঞপনী সংস্থার মালিক নিহত

ছিনতাইকারীর হামলায় রাজধানীতে বিজ্ঞাপনী সংস্থা সারা এ্যাডভারটাইজিং এর মালিক ও টিভি অভিনেতা শফিউল আজিম কিয়া (৩৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 07:39 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারীর হামলায় রাজধানীতে বিজ্ঞাপনী সংস্থা সারা এ্যাডভারটাইজিং এর মালিক ও টিভি অভিনেতা শফিউল আজিম কিয়া (৩৫) নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবন্ধন খাতার বরাত দিয়ে মেডিকেল প্রতিনিধি জানান, সারা এ্যাডভারটাইজিংএর কর্মকর্তা সুমন, বিজু ও বাবুল শনিবার রাত পৌনে ৯টার দিকে শফিউল আজিম কিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চোখে মলমজাতীয় কিছু লাগানো হয়েছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। মতিঝিল থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া রাতে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তথ্য সংগ্রহ করছে। তবে এখনো পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তিনি বলেন, ছিনাতইকারীরা কিয়াকে হত্যা করে থাকতে পারে। নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম সবুজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চার ভাই পাঁচ বোনের মধ্যে শফিউল আজম কিয়া চতুর্থ। তিনি বিবাহিত, তবে কোনও সন্তান নেই। তাদের বাবার নাম আব্দুল মতিন মোল্লা। গ্রামের বাড়ি বরিশালের রুইয়া গ্রামে। কিয়া স্ত্রীকে নিয়ে ডেমরার শনির আখড়ায় থাকতেন। নিহতের সহকর্মী সুমন জানান, শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের সারা বিজ্ঞাপনী সংস্থার অফিস থেকে বের হন কিয়া। রাত সাড়ে ৮টার দিকে তাকে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা অফিসে খবর দেয়। এরপর সুমন, বিজু ও বাবুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/০১৩২ ঘ.