ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আর্সেনিক দূরিকরণ প্রকল্পে দেড় লাখ ডলার এবং গ্রামাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের জন্য 'ব্যাগ-প্যাক' কার্যক্রমে ৫০ হাজার ডলার ব্যয় করবে রোটারি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ। 'ব্যাগ-প্যাক' কার্যক্রমে শিক্ষার্থীদের একটি করে পানি নিরোধক ব্যাগ, একটি ছাতা, একটি অভিধান, রাবার-পেনসিল ইত্যাদি দেওয়া হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে জেলা গভর্নর রফিক আহমেদ সিদ্দিক এ কথা জানান।
রফিক আহমেদ বলেন, গ্রামাঞ্চলের স্কুল শিক্ষার্থীদের মধ্যে 'ব্যাক-প্যাক' কার্যক্রমের জন্য প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার ডলার খরচ করবে রোটারি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ। এই কার্যক্রমে তাদেরকে একটি করে পানি নিরোধক ব্যাগ, একটি ছাতা, একটি অভিধান, রাবার-পেনসিল ইত্যাদি দেওয়া হবে।
ব্যাক-প্যাক কার্যক্রম ছাড়াও আর্সেনিক দূরিকরণ প্রকল্পে রোটারি ক্লাব এবার দেড় লাখ ডলার খরচ করবে। এই অর্থের অধিকাংশ অর্থ আর্সেনিকমুক্ত কূপ খননে ব্যয় হবে।
২০০৭-২০০৮ রোটারি বর্ষের কার্যক্রম শুরু উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/০০১৯ ঘ.
bdnews24