বান্দরবান, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- থানচি উপজেলার খিবুরিপাড়া এলাকা থেকে অপহৃত ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমনকে পাঁচ দিনেও উদ্ধার করা যায়নি। এদিকে অপহরণের সঙ্গে জড়িত তিন ব্যক্তি এবং ওই এলাকার আরও চার জনকে নিয়ে নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে।
থানচি উপজেলা সদরের প্রায় ২০ কিলোমিটার দূরে খিবুরিপাড়া ও আশেপাশের প্রায় ৪ কিলোমিটার এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, তিন স্তরের বলয় দিয়ে সেনা ও বিডিআর সদস্যরা অভিযান চালাচ্ছে। শহীদ সুমনকে নিয়ে অপহরণকারীরা পালিয়ে যেতে পারেনি বলেই ধারণা করছে নিরাপত্তা বাহিনী।
এদিকে ডানিডার কর্মকর্তা কীর্তিনিশান চাকমাকে জিজ্ঞাসাবাদ করেছে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
কীর্তিনিশান চাকমা অপহৃত শহীদ সুমনসহ এনজিও কর্মকর্তাদের সঙ্গে ২৫ জুন খিবুরিপাড়ায় গিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা জানান, অপহরণে জড়িত অংথোয়াই চিং, ক্যহ্লা অং এবং অংক্যনু এবং স্থানীয় আরও চার ব্যক্তিসহ সাত জনকে নিয়ে নিরাপত্তা বাহিনী চিরুনী অভিযান চালাচ্ছে।
গত ২৫ জুন ডানিডার অর্থায়ানে বান্দরবানের স্থানীয় তিন এনজিওর প্রকল্প এলাকা দেখতে ডানিডার প্রোগ্রাম অফিসার হোসেন শহীদ সুমন, কীর্তিনিশান চাকমাসহ এনজিওর কর্মকর্তারা খিবুরিপাড়া যান। ফেরার পথে ১২ জনের হাতে একটি সশস্ত্র দল শহীদ সুমন ও গাড়ি চালক হানিফকে অপহরণ করে ইঞ্জিন চালিত নৌকায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী গাড়িচালক হানিফকে উদ্ধার করে। তবে শহীদ সুমনের সন্ধান শনিবার পর্যন্তও মেলেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৩ ঘ.
bdnews24