নারায়ণগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিদ্ধিরগঞ্জের মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির দুটি তেলের ডিপো ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার চোরাই তেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার গোদনাইলে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির দুটি জ্বালানি তেলের ডিপোকে কেন্দ্র করে গড়ে ওঠা চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের টানা ৬০ ঘণ্টার অভিযান শেষ হয়।
চলমান অভিযানে সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের অবৈধ ব্যবসা আপাতত ভেঙ্গে দেওয়া হয়েছে বলে দাবি করেছে র্যাব। নারায়ণগঞ্জ চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে এটিই প্রথম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে র্যাব।
র্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহতাব আলী (বিএন-ইঞ্জিনিয়ার) জানান, টানা এ অভিযানে এ পর্যন্ত ১ লাখ লিটার চোরাই ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে যার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। চোরাই তেল সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ডিপোগুলিতে যে পুরনো পদ্ধতিতে জ্বালানি তেল পরিমাপ করা হয়, তা চুরির ক্ষেত্রে সহায়ক। ডিজিটাল মিটার স্থাপন করা হলে তেল চুরি অনেকাংশে রোধ করা যাবে।
দুটি ডিপোর আশেপাশের আইলপাড়া, গোদনাইল উত্তরপাড়া, এসও রোড, বার্মা স্ট্যান্ড এলাকার বিভিন্ন বাড়ি-ঘর, দোকান, গুদাম, পুকুরের তলদেশ, শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় জাকির হোসেন, ইব্রাহীম, আসমত আলী, হানিফ, সালাউদ্দিন, শামীম, আশরাফউদ্দিন, কবির হোসেন, নাসির হোসেন, মিন্টু মিয়া, আরিফুল ও ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়, চোরাই তেল সিন্ডিকেটের মূল হোতা অখিল ভূঁইয়া ও শাহ আলম চেয়ারম্যান। ডিপোগুলির এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা -কর্মচারীর সহায়তায় পুলিশ ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের নিয়মিত মাসোহারা দিয়ে চোরাই তেল সিন্ডিকেট বছরের পর বছর এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২২০৭ ঘ.
bdnews24