ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর, মির্জাপুর, যমুনা ব্রীজ, ঈশ্বরদী, আব্দুলপুর, শান্তাহার হয়ে অবিরাম ছুটে চলেছে ট্রেন। ট্রেনের যাত্রী বাংলাদেশ, ভারত ও নেপালের ৩ হাজার স্কাউট। ট্রেন থামছে। স্থানীয়রা এসে অভিনন্দন জানাচ্ছেন তাদের।
শতবর্ষ আগে স্যার ব্যাডেন পাওয়েল তরুণদের নিয়ে শৃঙ্খলা আর মানব সেবার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাংলাদেশি কিশোর-তরুণরাও বয়ে চলেছে। স্কাউট আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে 'জাম্বুরী অন দ্য ট্রেন' কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বুকে এঁকেবেঁকে ছুটে চলেছে ট্রেন।
বৃহস্পতিবার এই ট্রেন জাম্বুরি শুরু হয় বন্দরনগরী চট্টগ্রাম থেকে। শুক্রবার সকালে ট্রেন এসে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। এখানেই জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় কর্মসূচির। তারপর ট্রেন ছাড়ে দিনাজপুরের উদ্দেশ্যে।
সেই থেকে ঢাকা বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর, মির্জাপুর, যমুনা ব্রীজ, ঈশ্বরদী, আব্দুলপুর, শান্তাহার হয়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। যেখানেই থামছে স্থানীয় স্কাউট এবং স্কাউট কর্মকর্তারা স্কাউট পোষাক পরে, হাতে রং- বেরঙের ব্যানার-ফেস্টুন-পতাকা নিয়ে 'জাম্বুরী অন দ্য ট্রেন"-এর যাত্রীদের স্বাগত জানাচ্ছেন।
আবার চলছে ট্রেন। ট্রেনে চলছে স্কাউট ছেলে-মেয়েদের অভিনব সব খেলা। কোথাও চলছে পুষ্টি লুডু খেলা, কোথাও বা অঙ্ক নিয়ে মাথা ঘামানো, কোথাও আবৃত্তি, কোথাওবা সাধারণ জ্ঞানের আদান-প্রদানের খেলা।
শুক্রবার কমলাপুর স্টেশনে "জাম্বুরী অন দ্য ট্রেন " কর্মসূচির উদ্বোধন করেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদেরকে শৃঙ্খলার শিক্ষা নিয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
ভারত ও নেপালের স্কাউটদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ভারত ও নেপালের স্কাউটরা এদেশে এসে অভিজ্ঞতা নিয়ে যাবে। তাদের সঙ্গে এদেশের স্কাউটদের হৃদ্যতা গড়ে উঠবে। এভাবে পারস্পরিক বিনিময় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।
বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন শুরু হয় ১৯০৭ সালে। এ বছর শতবর্ষ পূর্তি উদযাপন করতে বিশ্ব স্কাউট সংস্থা নানা কর্মসূচি পালন করছে।
শুক্রবার কমলাপুল রেল স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি দিনাজপুরে পৌঁছাবে ২ জুলাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস//এমএইচবি/এসি/১৪৪০ ঘ.
bdnews24