দিনাজপুর, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্নি চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ওই হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি শুরু করেছেন। হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইন্টার্নি চিকিৎসকরা জানান, বুধবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা ইন্টার্নি চিকিৎসক দীপংকর চক্রবর্তীকে হাসপাতালের প্রধান ফটকের সামনে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
লিখিত বক্তব্যে চিকিৎসকরা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তিপ্রদান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, দাবিপুরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
লিখিত বক্তব্য পাঠ করেন ডা. এরফান আহম্মেদ, এ সময় উপস্থিত ছিলেন ডা. আয়েশা আক্তার, ডা. জুনায়েত মো. তৌহিদ, ডা. মোবাশ্বেরা মরিয়ম, ডা. হাসিন, ডা. উম্মে ফারহানা প্রমুখ।
এই পরিস্থিতিতে সিভিল সার্জন আজিজার রহমান জানান, ইন্টার্নি চিকিৎসকদের আকস্মিক কর্মবিরতির ঘোষণায় চিকিৎসা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সে জন্য ৮ সদস্যের একটি মেডিক্যাল টিম জরুরি চিকিৎসা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "দেশের জরুরি অবস্থায় তারা ধর্মঘটে যেতে পারেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।"
সংবাদ সম্মেলনে ইন্টার্নি চিকিৎসকার অভিযোগ করেন, এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এবং সিভিল সার্জনকে এ তা জানানো হলেও কোন প্রতিকার হয়নি।
এদিকে ওই হামলার পর আহত চিকিৎসক দিপংকর চক্রবর্তী (সার্জারি বিভাগ) কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য একজন সাব ইন্সপেক্টর ইতিমধ্যে তদন্ত করে ঘটনার সাথে জড়িত তিনজনকে শনাক্ত করতে পেরেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২১৫৬ ঘ.
bdnews24