মৌলভীবাজার, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল নয় ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে। শুক্রবার ভোররাতে হবিগঞ্জের তেলিয়াপাড়া লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল আজিজ জানান, শুক্রবার ভোরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, রাত ৩টার দিকে তেলিয়াপাড়া লেভেল ক্রসিংয়ে সিলেটগামী সুরমা মেইলের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। ওই দুর্ঘটনায় আহত হন সুরমা মেইলের চালক আবদুল আজিজ ও সহকারী চালক সাইদুল হক।
গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে স্টেশন মাস্টার জানান।
রেল চলাচল পুনরায় শুরু হলে কয়েকটি স্টেশনে আটকে পড়ে থাকা পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস এবং কুশিয়ারা এক্সপ্রেস গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৪০ ঘ.
bdnews24