ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার আরও ১৩ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে।
এরা হলেন- সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আমিনুল হক, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, সাবেক বিএনপি সাংসদ আবুল হাশেম (এমএ হাশেম), সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের ভাই ওয়ার্ড কমিশনার মির্জা খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) রবিউল আলম মুহাম্মদ উবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আতামু সরওয়ার হোসেন ও ব্যবসায়ী গিরি ধারী লাল মোদী।
এদের মধ্যে ব্যারিস্টার মওদুদ, এমএ হাশেম ও গিরি ধারী লাল মোদী কারাগারে অন্তরীণ আছেন।
নোটিশ পাওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে তাদের সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলা হয়েছে।
কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের জানান, শুধু ১৩ জন নয়, তালিকা আরো শত শত নাম রয়েছে। কমিশন পর্যায়ক্রমে তাদের সবার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের সবাইকেই সম্পত্তির হিসাব জমা দিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/এমএইচবি/২৩১৭ ঘ.
bdnews24