ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে কারাগরে অন্তরীণ উপসচিব নাসিম সুলতানা হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে তত্ত্বাবধায়ক সরকার।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ দেয়।
অনিয়মের অভিযোগে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নাসিম সুলতানা হোসেনকে গত ৮ এপ্রিল গ্রেপ্তার করে যৌথ বাহিনী। জরুরী ক্ষমতা অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগরে পাঠানো হয়।
তার সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, এই আদেশ তার গ্রেপ্তার হওয়ার দিন থেকে কার্যকর হবে।
নাসিম সুলতানা ২০০০ সালের ২০ আগস্ট এক বছরের ছুটি নিয়ে যুক্তরাজ্যে যান। পরে ২০০৩ সালের ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়ে নেন তিনি। ছুটি শেষ হওয়ার পরও দেশে না ফিরে তিনি ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেন।
যুক্তরাজ্যে থাকা অবস্থাতেই ২০০৬ সালের চার ডিসেম্বর পদোন্নতি পেয়ে উপসচিব হন নাসিম সুলতানা। পরে তিনি অন্যের মাধ্যমে জাল স্বাক্ষর দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে (উপসচিব) যোগদানপত্র দাখিল করেন বলে ওই আদেশে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জেকে/২১৫৭ ঘ.
bdnews24