২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে রাজশাহীর তানোরে কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সার না পেয়ে তানোর উপজেলার মন্ডুমালা বাজারে বিক্ষুব্ধ কৃষকরা বৃহস্পতিবার দুপুরে এক কৃষি কর্মকর্তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অবস্থা সামাল দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

রাজশাহী, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সার না পেয়ে তানোর উপজেলার মন্ডুমালা বাজারে বিক্ষুব্ধ কৃষকরা বৃহস্পতিবার দুপুরে এক কৃষি কর্মকর্তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অবস্থা সামাল দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। স্থানীয় কৃষকরা জানান, মন্ডুমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার কামাল হোসেন স্লিপের মাধ্যমে কৃষকদের তিন কেজি সার দিয়ে আসছেন। কিন্তু কৃষকদের দাবি আরও বেশি। এর পরিপ্রেক্ষিতে কমিশনার ১০ কেজি করে সার সরবরাহের কথা জানান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর ভবনের সামনে উপস্থিত কৃষি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইয়াছিন আলীর কাছে পর্যাপ্ত সারের দাবি জানায় কৃষকরা। সারের স্বল্পতার কারণে প্রকৌশলী ৫ কেজি করে সার সরবরাহের সিদ্ধান্ত জানালেও কৃষক শান্ত না হয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষোভের মুখে ইয়াছিন আলী পৌরসভা ভবনে গিয়ে আশ্রয় নেন। কৃষকরা তখন ভবনটি ঘিরে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে মন্ডুমালা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকা প্রকৌশলীকে দুপুরের পর উদ্ধার করে। মন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবদুল কাইয়ুম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজিজুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকৌশলী ইয়াসিন আলী সার সঙ্কটের কথা স্বীকার করে জানান, কৃষকদের চাহিদা পুরণ করতে না পেরে নিরাপত্তার স্বার্থেই তিনি পৌরসভা ভবনে আশ্রয় নেন। এদিকে ঘটনাস্থল থেকে ইয়াছির নামে এক কৃষককে পুলিশ আটক করলে বিকেলে প্রায় দুইশ কৃষক মন্ডুমালা বাজারে বিক্ষোভ করে এবং পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বলে স্থানীয়রা জানান। সর্বশেষ পরিস্থিতি জানতে সন্ধ্যায় পুলিশ কর্মকর্তা কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে সার বিতরণ বন্ধ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৯ ঘ.