বরিশাল, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইনভঙ্গ করে অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামীকে জামিনে মুক্তি দেওয়ায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) সিরাজুল ইসলামকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বেলায়েত হোসেন।
বৃহস্পতিবার বিকেলে এ কারণ দর্শাও নোটিশ জারি করা হয় বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, ধর্ষণ এবং অপহরণ মামলার আসামী মিজানুর রহমান মিজান চলতি বছরের ৩ মে হাইকোর্ট থেকে জামিন নেন। হাইকোর্টের আদেশে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতকে সন্তুষ্ট করে জামানতনামা দাখিলের মাধ্যমে জামিনে মুক্তি নিতে বলা হয়। এ সংক্রান্ত নথি ২৯ মে বরিশাল নারী নির্যাতন দমন আদালতে পৌঁছায়। কিন্তু আসামী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের আদালতে নিয়ম বহির্ভূতভাবে জামিনের কাগজপত্র দাখিলের মাধ্যেমে বরিশাল কারাগার থেকে মুক্তি পায়।
সে ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারক বেলায়েত হোসেন ওই নোটিশ জারি করেন বলে আজিবর রহমান জানান।
অপহরণ ও ধর্ষণের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি নগরীর আমানতগঞ্জের এক নারী বাদী হয়ে মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৪ ঘ.
bdnews24