কুমিল্লা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি নেতা রেদোয়ান আহমেদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা আমলি আদালত-৫ এ মামলাটি করেন চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আইনজীবী আবুল কাশেম। মামলায় রোদোয়ান আহমেদের ছোটো ভাই এমরান আহমেদসহ পাঁচ জনকে আসামী করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, দুই লাখ টাকা চাঁদার দাবিতে আসামী রেদোয়ান আহমেদ, ইমরান আহমেদ, সিদ্দিকুর রহমান, সুমন ও সুজন মহিচাইল বাজারে বাদীর দোকানে ২০০২ সালের ৩ সেপ্টেম্বর সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এবং দেড় লাখ টাকার মালামাল লুট করে।
এছাড়া দোকানটি ভেঙ্গে ওই স্থানটি আসামীরা দখল করে বলে বাদী অভিযোগ করেন।
ঘটনার সময় রেদোয়ান আহমেদ প্রতিমন্ত্রী থাকায় বাদী মামলা করতে সাহস পাননি বলে আরজিতে উল্লেখ করা হয়।
রেদোয়ান আহমেদকে গত মঙ্গলবার রাতে ঢাকায় যৌথবাহিনী গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.
bdnews24