২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী-পুরুষ সমতা নিশ্চিতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি'

নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। আর এ জন্য রাষ্ট্রকে নিতে হবে বিশেষ ভূমিকা। বৃহস্পতিবার নোয়াখালীতে এক আলোচনা সভায় এ কথা বলেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

নোয়াখালী, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। আর এ জন্য রাষ্ট্রকে নিতে হবে বিশেষ ভূমিকা। বৃহস্পতিবার নোয়াখালীতে এক আলোচনা সভায় এ কথা বলেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। চাটাই শিল্পের সঙ্গে জড়িত নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন বিষয়ক ওই আলোচনা সভা আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ(রিইব)। সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন আরও বলেন, আমাদের রাষ্ট্রীয় কাঠামো নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি বলেই এখনও পুরুষরা নারীর প্রতি কর্তৃত্ব করে যাচ্ছে। নোয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় নোয়াখালীর চাটাই শিল্পের সঙ্গে জড়িত নারীদের ওপর চালানো একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন মাহমুদুল হক ফয়েজ। এতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে চাটাই শিল্পের সঙ্গে যুক্ত নারীদের জীবনমান উন্নয়নের সুপারিশ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নুর নবী, সমাজসেবা কর্মকর্তা তোফায়েল আহমেদ, জোবাইদা নাসরিন কনা, অশোক কুমার ঘোষ, রানা সুলতানা। এদিকে নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে যৌতুক, বাল্যবিয়েসহ নারীর ওপর সহিংসতা বন্ধের দাবিতে সোন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামে বৃহস্পতিবার শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া ওই শোভাযাত্রায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শামছুন্নাহার, সদস্য বেচু মিয়া, রেজিয়া বেগম, মনোয়ারা আক্তার মিনু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৮ ঘ.