ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পশ্চিম মধ্য এবং তার কাছের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভুত হয়ে গভীর মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গতিবেগ কখনো কখনো বেড়ে ৬০ কিলোমিটারও হয়ে যাচেছ। সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে বন্দরগুলোর ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সমুদ্রে না যেতে বলা হয়েছে।
বিশেষ পূর্বাভাষে বলা হয়েছে, দুপুর ১২টা পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৭৬০ ও কক্সবাজার থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিম এবং মংলা বন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে অবস্থান করছে।
পুর্বাভাসে আরও বলা হয়েছে, উপকুলবর্তী জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালি, বরিশাল, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং উপকুলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ বেশি থাকায় সাগরে স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে চারফুট বেশি উচ্চতায় জোয়ার হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এসি/১৬৪২ ঘ.
bdnews24