২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জঙ্গি মদদের এক মামলায় সাক্ষ্যগ্রহণ, অপরটির নতুন তারিখ ৩ জুলাই

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। অপরদিকে আমিনুল হকের বিরুদ্ধে দায়ের করা অপর একটি মামলায় বৃহস্পতিবার দুই জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

রাজশাহী, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। অপরদিকে আমিনুল হকের বিরুদ্ধে দায়ের করা অপর একটি মামলায় বৃহস্পতিবার দুই জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আমিনুল হক, দুলু ও নাদিম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুই সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন। রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হকের আদালতে বৃহস্পতিবার দুপুরে সাক্ষী বাহার ও জালালের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামী পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, এ মামলায় সাক্ষ্যগ্রহণের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তাই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখা হোক। তখন আদালত ৩ জুলাই মামলার কার্যক্রমের দিন ধার্য করেন। এ সময় দুলুসহ গ্রেপ্তারকৃত ১৪ আসামী আদালতে হাজির ছিলেন। এর আগে গত ২৫ জুন প্রায় তিন ঘণ্টাকাল মামলার বাদী আইয়ুব আলী ও সাক্ষী আব্বাসের সাক্ষ্য নেয় আদালত। ২০০৪ সালের ৭ এপ্রিল জেএমবি সদস্যদের দ্বারা নির্যাতনের অভিযোগে পলাশী গ্রামের আইয়ুব আলী গত ১ মে বাগমারা থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা শাকিল আহমেদ গত ২৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জুন মামলার অভিযোগ গঠন হয়। গত ২৫ জুন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে বাগমারা থানায় দায়ের করা অপর মামলায় বৃহস্পতিবার দুই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০০৪ সালের এপ্রিল মাসে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত কৃষক ফজলুর রহমান এ বছরের ৩০ এপ্রিল আমিনুল হক, রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদসহ ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মুক্তার হোসেন গত ২৩ মে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ রেজাউল ইসলামের আদালতে আকবর আলী ও চুমকির সাক্ষ্য নেওয়া হয়। আগামী ৪ জুলাই বাকি দুই সাক্ষী ম্যাজিস্ট্রেট সারোয়ার মোর্শেদ এবং মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেনের সাক্ষ্য নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৭ ঘ.