ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর ও ঝিনাইদহে বুধবার সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন।
আমাদের বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। মীরুখালী ইউনিয়নের ঝাউতলা নামক স্থানে বুধবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোবাশ্বের আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মশিউর রহমান মিঠু ভাণ্ডারিয়া থেকে একটি ভাড়ার মটরসাইকেলে চেপে মঠবাড়িয়া ফিরছিলেন। ঝাউতলায় একটি বাস মটর সাইকেলকে চাপা দিলে চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত মিঠুকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত টিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-যশোর সড়কে মোবারকগঞ্জ চিনিকলের কাছে বুধবার বিকালে বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার আন্দুলবাড়িয়ার ফেটু(২৬) ও কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামের ইমন(৭)।
কালীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
হতাহতরা সবাই বাসযাত্রী বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.
bdnews24