মানিকগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইলে দুইটি বাসের সংঘর্ষে বুধবার সকালে এক শিশু নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
নিহত শিশু সাকিব (১) মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ দুর্ঘটনায় আহত একজন হলেন সাকিবের মা শাহনাজ বেগম (৩৫)। তবে আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হামিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীসেবা পরিবহনের একটি বাসকে যাত্রীসেবা পরিবহনের ঢাকাগামী অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।
যে বাসটি ধাক্কা দিয়েছিল, সেটিকে পুলিশ আটক করেছে, তবে চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা হয়েছে।
শাহনাজ বেগমসহ আহত পাঁচজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এফএফ/এমআই/১২৩৩ ঘ.
bdnews24