বগুড়া, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বগুড়ার বাসায় মঙ্গলবার সকালে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (টাস্কফোর্স)।
শহরের বকশীবাজারে ডা. ফিরোজের বাসায় সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। ডা. ফিরোজের মা রোকেয়া বেগম এ সময় বাসায় ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে র্যাব ও পুলিশ সদস্যরা বাসাটি ঘিরে ফেলে। টাস্কফোর্সের সেনা কর্মকর্তারা বাসার ভেতরে অভিযান চালান।
দুর্নীতি দমন কমিশন বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক আশীষ কুমার কুণ্ডু বলেন, "টাস্কফোর্সই অভিযানটি চালায়, আমরা শুধু সহায়তা করেছি।"
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, টাস্কফোর্সের সেনা কর্মকর্তাদের সহায়তায় র্যাবের পাশাপাশি পুলিশও কাজ করে।
রোকেয়া বেগম জানান, টাস্কফোর্স সদস্যরা বাসায় থাকা বিভিন্ন জমির দলিলপত্র খতিয়ে দেখেন। কয়েকটি কাগজপত্রের অনুলিপি তারা নিয়ে যান।
জরুরি অবস্থা জারির পর থেকেই ডা. ফিরোজ মাহমুদ পলাতক রয়েছেন। এর মধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩০৯ ঘ.
bdnews24