ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ১৪ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘাটতি কমানোর জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম দিনের বৈঠকে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ বাড়ানো, অশুল্ক বাধা দূর করা, স্পর্শকাতর পণ্যের তালিকা ছোট করে আনা, অভিন্ন নদীর পানি বণ্টন এবং জয়দেবপুর-শিয়ালদা রেল চলাচলের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সীমান্ত সন্ত্রাস দমনসহ অস্ত্র, মাদক নারী ও শিশু পাচার রোধের কৌশল নির্ধারণের জন্য দিল্লীতে সচিব পর্যায়ের একটি বৈঠক করার বিষয়ও আলোচনায় এসেছে।
মঙ্গলবার বৈঠকের শেষ দিন আলোচিত বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতীয় সচিব পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর শুভেচ্ছা পৌঁছে দেন। উপদেষ্টাও ভারতীয় পররাষ্ট্র সচিবের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মাহবুবুজ্জামান, ঢাকায় ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহন কুমার ও যুগ্মসচিব মিসেস মুক্তা ডি তমার এসময় সেখানে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, "আজকের বৈঠকে আমরা গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করেছি। কাল (মঙ্গলবার) যৌথ সাংবাদ সম্মেলনে সব জানানো হবে।"
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ থেকে কোন পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধা পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে কিছইু চূড়ান্ত হয়নি। আলোচনার একপর্যায়ে বলা হয় ভারত বাংলাদেশের ৭৪৪টি পণ্য স্পর্শকাতর তালিকাভুক্ত করে রেখেছে। আর বাংলাদেশ ভারতের প্রায় ১২০০ পণ্যকে ওই তালিকার আওতায় রেখেছে। উভয় দেশর প্রতিনিধিরা তাদের তালিকাগুলো ছোট করার বিষয়েও আলোচনা করেন।
সভায় জানানো হয়, জয়দেবপুর-শিয়ালদা রুটে ট্রেন চলাচল চালুর আগে জুলাই বা আগষ্ট মাসে ভারতের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। তখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করে ট্রেন চলাচল শুরুর দিনক্ষণ নির্ধারণ করবেন।
সভায় আরো জানানো হয়, অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে প্রথমে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হবে। এরপর বিষয়টি মন্ত্রী পর্যায়ে নেওয়া হতে পারে। এছাড়া দুই দেশের সীমান্ত সন্ত্রাস রোধে ওয়ার্কিং গ্র"পগুলোকে আরো কার্যকর করার বিষয়েও দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন।
এদিকে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নগো ভ্যান হোয়া সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেন। এসময় তারা বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আগামী বছরের শুরুতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন। ২০০৮ সালে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেন তারা।
নগো ভ্যান হোয়া ঢাকায় সাড়ে চার বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে চাকরি থেকে অবসর নিয়ে ঢাকা ত্যাগ করতে যাচ্ছেন।
বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ঢাকা-হ্যানয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/জেকে/এমএইচবি/২৩৪৬ ঘ.
bdnews24