২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা, পংকজ ও ফিরোজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিএন্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিএন্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। সোমবার এই তিনটি মামলায় অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সংসদ ভবনের আলাদা তিনটি বিশেষ জজ আদালত মামলাগুলোয় অভিযোগ গঠনের জন্য শুনানির দিন পিছিয়ে দেয়। বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালত সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। আদালতের কাছে আসামী পক্ষের আইনজীবীরা আবেদন করে বলেন, মামলা থেকে আসামীদের মুক্তি দেওয়ার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এই জন্য আমাদের সাত দিন সময় প্রয়োজন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামীর কাঠগড়ায় নাজমুল হুদা উপস্থিত থাকলেও অসুস্থার কারণে তার স্ত্রী আদালতে হাজির হতে পারেননি। এদিকে বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। আসামী পক্ষের আইনজীবী মামলার সত্যায়িত অনুলিপি না পাওয়ায় অভিযোগ গঠনের দিন একদিন দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। আদালত আবেদন গ্রহণ করে অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করেন। পংকজ দেবনাথ আদালতে হাজির থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। অন্যদিকে বিশেষ জজ আদালত--৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালত টিএণ্ডটির সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের দিন এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন। আসামী রওশন আরা অসুস্থ থাকায় আদালত আগামী রোববার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/১৯১০ ঘ.