ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুর্নির্দিষ্ট তথ্য প্রমানের অভাবে বিমানের 'দুর্নীতিবাজ' কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার।
সোমবার বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমানের এক বোর্ড বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা জেনারেল (অব.) এম এ মতিন সাংবাদিকদের এ তথ্য জানান।
'গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তা--কর্মচারীরা বেরিয়ে যাবে কি না' সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা এম এ মতিন বলেন, "দুর্নীতির কথা শোনা যায় তবে আমি তো কোন তথ্য প্রমান পাচ্ছি না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে সুর্নির্দিষ্ট তথ্য প্রমানের প্রয়োজন রয়েছে। এমনকি দুর্নীতি সংক্রান্ত টাস্কফোর্সে অভিযোগ উত্থাপন করতে হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুর্নির্দিষ্ট তথ্য প্রমান উত্থাপন করতে হবে।"
তিনি জানান, পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের আগেই স্বেচ্ছায় অবসরে যেতে ইচ্ছুক আবেদনকারীদের মধ্য থেকে ১৫৯৩ জনকে বাছাই করা হবে। ইতোমধ্যে যাচাই--বাছাইয়ের জন্য গঠিত কমিটি কাজ শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/জিএনএ/১৫১৫ ঘ.
bdnews24