২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে লাশ উদ্ধার

রাজধানীর আদাবর এলাকা থেকে রোববার সকালে আয়নাল হক মোল্লা (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 05:20 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর এলাকা থেকে রোববার সকালে আয়নাল হক মোল্লা (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদাবর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক আমির হোসেন জানান, আয়নাল হোসেন আদাবর ১০ নম্বর রোডের শেষ প্রান্তে রাজা প্লাস্টিক ইন্ডাস্ট্রির মালিকানাধীন একটি প্লটে রক্ষণাবেক্ষনকারী হিসেবে বসবাস করতেন। রোববার ভোরে ওই প্লটের পাশে ফেলে রাখা বালির মধ্যে আয়নালের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলায় দড়ি পেঁচানো ছিল। আয়নাল হকের লাশ উদ্ধারের সময় তার বন্ধু মোশাররফ হোসেনকেও ওই স্থান থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। আয়নালের দ্বিতীয় পক্ষের স্ত্রী লাইজু বেগম জানান, শনিবার সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে মোশাররফের সঙ্গে বাইরে যান আয়নাল। এরপর তিনি আর বাসায় ফেরেননি। আমির হোসেন জানান, নিহতের ছেলে হাবিব মোল্লা তার বাবার মৃত্যুর জন্য বিল্লাল, জাহাঙ্গীর ও মোশাররফ হোসেনকে অভিযুক্ত করে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বিল্লাল ও জাহাঙ্গীরের পরিচয় উল্লেখ করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩০৮ ঘ.