ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন বিভাগের সন্দেহভাজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারে দেশের কয়েক স্থানে রোববার অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে খুলনা বিভাগীয় বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, সুন্দরবনের বিভিন্ন স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। একইদিন রাজধানীর মহাখালীতে বন কার্যালয়ে অভিযান চালিয়ে ঊর্ধ্বতন বন কর্মকর্তা আলী কবির ও শামসুল আজমকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনকে নিয়ে শনিবার গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায় যৌথবাহিনী। এদিকে চট্টগ্রাম অঞ্চলের বন বিভাগের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তার কার্যালয় ও বাসায় তল্লাশি চালানো হলেও তাদের পাওয়া যায়নি। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয়েছে রাঙামাটির শীর্ষ বন কর্মকর্তা অসিত বরণ পালকে।
খুলনা থেকে আমাদের প্রতিনিধি সুবীর রায় জানান, বেলা সোয়া ২টার দিকে বয়রায় বন সংরক্ষকের সরকারি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মিজানুর রহমানকে। তার বাসায় প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালায় যৌথবাহিনী সদস্যরা। দুর্নীতি দমন কমিশন সুন্দরবন অঞ্চলের যে ১১ জন বর কর্মকর্তাকে জুনের ২০ তারিখের মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলেছিল, মিজানুর রহমান তাদের অন্যতম। (আরও তথ্যসহ-২)
যৌথবাহিনীর কর্মকর্তা মেজর হুমায়ুন কবীর জানান, বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ তিন লাখ টাকা, ৪০০ ডলার, কিছু যৌন উত্তেজক ট্যাবলেট এবং একটি আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে নগরীর সার্কিট হাউস সংলগ্ন বন বিভাগের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে খালিশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় তাকে। ওই সময় তিনি জানান, তার আলমারি থেকে যে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে, তা তার বেতনের অর্থ এবং ডলারগুলো তিনি বিদেশে থাকার সময় জমিয়েছিলেন।
তবে আয় ও সঞ্চিত অর্থের অসঙ্গতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি নিশ্চুপ ছিলেন। যৌন উত্তেজক ট্যাবলেটের বিষয়েও মুখ খোলেননি অবিবাহিত এ বন কর্মকর্তা।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনে নগদ নয় লাখ টাকার হিসাব দাখিল করেছেন তিনি। ওই টাকা খুলনার দুটি ব্যাংকে রয়েছে।
খুলনার দাকোপে তার ৪০ বিঘা মৎস্য ঘের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ওই ঘের তার ভাইয়ের।
প্রধান বন সংরক্ষক ওসমান গণি যৌথ জিজ্ঞাসাবাদে তার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয় উল্লেখ করেছেন বলে পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে, তাও সত্যি নয় দাবি করেন মিজানুর রহমান।
খালিশপুর থানার দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক কামাল হোসেন জানান, মিজানুর রহমানকে সন্ধ্যা ৬টার সময় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে থানা সূত্র জানায়, সুন্দরবন (পশ্চিম) বিভাগের ভ্রমণসহকারী ইউনুস আলী ও বোটম্যান পল্টু তালুকদারকে আটক করে খালিশপুর থানায় যৌথবাহিনী জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকায় গ্রেপ্তার আলী কবীরকে নিয়ে যৌথবাহিনীর সদস্যরা বিকেল চারটার দিকে তার ১৭ র্যাংকিন স্টিট,্র ওয়ারির বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসা থেকে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৩০ লাখ টাকার ব্যাংক হিসাবের কাগজপত্র জব্দ করা হয়। পরে রাত ১০ টার দিকে ধোলাইপাড়ে তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।
রাত দেড়টায় সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুক্ষণের মধ্যেই আলী কবীরকে থানায় সোপর্দ করা হবে বলে জানতে পেরেছি। এর বেশি কিছু আমার জানা নেই।"
অন্যদিকে যৌথবাহিনী বিকেল চারটা থেকে একটানা রাত ১২ টা পর্যন্ত ৮৫ মীর হাজিরবাগে শামসুল আজমের বাসায় অভিযান চালায়। সেখান থেকে স্বর্ণের গহনা কেনাকাটার কিছু ক্যাশমেমো, তিনটি পাসপোর্ট এবং কিছু দলিলপত্র জব্দ করা হয়।
পরে রাত সাড়ে ১২ টায় শামসুল আজমকে যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
যাত্রাবাড়ি থানার কর্তব্যরত উপ--পরিদর্শক আলফাজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শামসুল আজমকে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এদিকে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) তপন কুমার দে, চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক আতিকুল আজম, উপ-সহকারী বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসানের কার্যালয় ও বাসায় রোববার বিকাল সাড়ে তিনটা থেকে একযোগে তল্লাশি চালায় যৌথবাহিনীর সদস্যরা।
র্যাব-৭ এর লে. কর্নেল শামীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, যৌথবাহিনীর একটি দল রোববার বিকালে নগরীর নন্দনকাননে উপ-সহকারী বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসানের কার্যালয় ও বাসায় অভিযান চালায়।
যৌথবাহিনীর অপর দুইটি দল চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক আতিকুল আজম ও চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) তপন কুমার দে এর কার্যালয় ও বাসায় তল্লাশি চালায়।
বন বিভাগের নানা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে কর্নেল শামীম জানান।
তবে তাদের কাউকে পাওয়া যায়নি এবং অস্বাভাবিক কিছু উদ্ধারও হয়নি।
এ তিন বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বাসার ফোনও কেউ ধরেছেন না।
এদিকে রাঙামাটি বন বিভাগের দায়িত্বে থাকা চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা অসিত বরণ পালকে রোববার জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় যৌথবাহিনী।
র্যাব-৭ এর পরিচালক হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/আরএআর/এমএআর/এমআই/এমএইচবি/২২২১ ঘ.
bdnews24