ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশের সরকারি--বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোর পাঠদানের সময়সূচিতে একটু পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী একটি শিফট চালু আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ থেকে আগস্ট পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ক্লাস চলবে।
বছরের বাকি সময়, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফেব্র"য়ারি মাস পর্যন্ত অবশ্য এখনকার মতোই সকাল দশটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া দুুটি শিফট চালু আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিও থাকবে আগের মতোই। অর্থাৎ প্রভাতী শাখার ক্লাস হবে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর দিবা শাখায় দুপুর সোয়া বারোটা থেকে বিকেল পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত।
রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সব শিক্ষক--কর্মচারি ও ছাত্র--ছাত্রীদের উল্লিখিত সময়সূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে থাকা নিশ্চিত করতে বলা হয়েছে। সব আঞ্চলিক উপ-পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাগণ আকস্মিক ও নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এ সময়সূচি বাস্তবায়ন নিশ্চিত করবেন বলেও জানানো হয়েছে তথ্য বিবরণীতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএইচ/২১৫৫ ঘ.
bdnews24