নেত্রকোনা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা জজ আদালত ভবনে রোববার দুপুরে একটি মামলার শুনানি শেষে বাদী ও বিবাদী পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বাদী ও বিবাদীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
নেত্রকোনা শহরের কোর্ট রোড এলাকার প্রবাসী রুক্কু মিয়ার মেয়ে রুমি আক্তার (২০) কে অপহরণের অভিযোগে মেদনী ইউনিয়নের আরশাদ খানের ছেলে রিপন খানের বিরুদ্ধে ২০০৬ সনের এপ্রিল মাসে রুমির মা পারভিন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিলে তার ওপর আদালতে বাদী পক্ষ নারাজি আবেদন দেয়। রোববার ছিল ওই আবেদন শুনানির দিন।
আব্দুল হান্নান জানান, শুনানি শেষে আদালত কক্ষ থেকে বেরিয়েই বাদী পক্ষ ও বিবাদী পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাদী পারভিন আক্তার, বিবাদী রিপন খান, শিরিন আক্তার, বুলবুল আহমেদ, রুবেল, আবদুল মান্নান, পাভেল, সোহেল, আল্পনা, শরীফ খান ও শহীদুল ইসলাম।
আহতদের মধ্যে কল্পনা আক্তার ও শিরিন আক্তারকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৫ ঘ.
bdnews24