ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে রোববার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, নগরকান্দা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ--সভাপতি ইমামুল হোসেন ওরফে তারা চেয়ারম্যানকে রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
যৌথবাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল বারী জানান, ইমামুল হোসেনকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলা যুবলীগের সহ--সভাপতি মো. শাহানুর ইসলামকে রোববার দুপুরে শহরের কাউতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, যৌথবাহিনী শাহনুরকে থানায় সোপর্দ করেছে।
শাহানুরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬২৯ ঘ.
bdnews24