২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় এক প্রতিশোধপরায়ণ পুলিশের কাণ্ড

অতি উৎসাহী এক দারোগার রোষানলে পড়ে মামলার আসামী না হয়েও কারা ভোগ করছেন আমতলীর মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা খলিলুর রহমান খান (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বরগুনা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অতি উৎসাহী এক দারোগার রোষানলে পড়ে মামলার আসামী না হয়েও কারা ভোগ করছেন আমতলীর মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা খলিলুর রহমান খান (৩২)। স্বামীর মুক্তির দাবিতে দুটো নাবালক সন্তান নিয়ে কান্নার জলে বুক ভাসাচ্ছেন রানী বেগম। বৃহস্পতিবার রানী বেগম জানান, তার স্বামীকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফজলুল হক জানান, চলতি বছরের ২৮ ফেব্র"য়ারি আমতলী থানাধীন কড়ইবাড়িয়া ইউনিয়নের ৪৪ নং পোন্ডারের কচুপাত্রা দোনমদীর উৎস মুখের বেরী বাধঁ কেটে ফেলা হয়। যাতে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বাদি হয়ে ২০ জুন ১৩৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলার ৩ নম্বর আসামী হচ্ছেন, আমতলীর হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের আবদুল হামিদ খানের ছেলে মো. খলিল। তালতলী থানার এসআই গৌরাঙ্গ লাল সরকার মামলার ৩ নম্বর আসামীকে গ্রেপ্তার না করে আমতলী থানা এলাকায় এসে পৌর শহরের বাসা থেকে আমজেদ আলী খানের ছেলে খলিলুর রহমান খানকে ২১ জুন দুপুরে অহেতুক গ্রেপ্তার করে। খলিলের স্ত্রী রানী বেগম কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, তিনি তার স্বামীকে গ্রেপ্তারে বাধাঁ দিয়ে দারোগার কাছে মামলার কপি দেখতে চান। মামলার কপিতে উল্লেখিত খলিল তার স্বামী নন বলে দাবি করলে এসআই গৌরাঙ্গ লাল সরকার তাকে অশালীন ভাষায় গালি দিয়ে ঘরে থাকা টিডি, রেকর্ডারসহ ব্যবহারিক মালামাল আছড়িয়ে গুড়ো গুড়ো করে ফেলে। পরবর্তীতে তার স্বামীকে টেনে-হিচড়ে চোরের মতো বেঁধে নিয়ে যায়। এ ব্যাপারে এসআই গৌরাঙ্গ লাল সরকার জানান, গ্রেপ্তারকৃত খলিলই মামলার ৩ নম্বর আসামী। মামলার কপিতে তার বাবার নাম ভুল লেখা হয়েছে বলে দাবি করা হয়। তবে মামলার বাদি মো. ফজলুল হক জানান, তিনি জেনে শুনে সঠিকভাবে আসামীদের নাম, ঠিকানা ও বাবার নাম লিখেছেন। মামলায় যিনি আসামী নন, পুলিশ তাকে কিভাবে গ্রেপ্তার করেছে তা তার বোধগম্য নয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুল্লাহ জানান, তিনি ছুটিতে থাকায় বিস্তারিত ঘটনা বলতে পারছেন না। তবে গ্রেপ্তারকৃত আসামীর বাবার নাম পাল্টানোর জন্য আবেদন করা হবে। বরগুনার পুলিশ সুপার মো. শামসুদ্দিন জানান, দারোগার বিরুদ্ধে অহেতুক হয়রানীর অভিযোগ প্রমানিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। খলিলের অসহায় স্ত্রী রানী বেগম বলেন, তার স্বামীকে অপরাধ না করেও কারাগারে যেতে হয়েছে। আর তাকে ৬ বছরের মেয়ে মারিয়া আক্তার ও ১১ মাসের ছেলে সন্তান লাইলাতুল মিরাজকে সঙ্গে নিয়ে স্বামীর মুক্তির দাবিতে কান্নার জলে বুক ভাসাতে হচ্ছে। উপার্জনকারী স্বামী কারাগারে থাকায় তাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। রানী বেগম আরো জানান, তুচ্ছ ঘটনা নিয়ে তার স্বামীর সঙ্গে এসআই গৌরাঙ্গ লাল সরকারের তর্ক হয়েছিল। আর সেই প্রতিহিংসার কারনে তার স্বামীকে কারাগারে যেতে হয়েছে। খলিলকে অহেতুক গ্রেপ্তার করায় আমতলীর মানুষ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। জরুরী অবস্থা না থাকলে প্রতিবাদের আগুনে লঙ্কাকাণ্ড ঘটে যেত। বরগুনার মানবাধিকার কর্মীরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/