ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক যুগ পর চালু হলো ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিল। যন্ত্রপাতির আওয়াজ আর শ্রমিকদের পদচারণায় মুখর মিল এলাকায় ফিরে এসেছে পুরনো দিনের আবহ।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডায় ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তানি উদ্যোক্তা এনাম এলাহীর উদ্যোগে প্রায় ১১ একর জমির ওপর স্থাপিত হয় কোকিল টেক্সটাইল মিল। স্বাধীনতার পর মিলটি জাতীয়করণ হয়। এরপর পাঁচ বছর মিলটি লাভের মুখ দেখলেও ধীরে ধীরে এটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হলে ১৯৯৫ সালে সরকার তা বন্ধ করে দেয়।
২০০১ সালে তৎকালীন প্রাইভেটাইজেশন বোর্ডের মাধ্যমে মিলটি কিনে নেয় মান্নান গ্র"প নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল মান্নানের ছেলে মো. ফারুক হোসেন ব্যাপারী মিলের মহাপরিচালকের দায়িত্ব নেন। এ মাসের শুরুতে মিলে পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি শুরু হয়। শনিবার থেকে শুরু হয় উৎপাদন।
ফারুক হোসেন রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, " ২০০১ সালে দরপত্রের মাধ্যমে মিলটি আমরা পাই। কিন্তু সরকার আমাদের কাছে মিল হস্তান্তর করে ২০০৬ সালের ৬ নভেম্বর। দেরি না হলে আরও আগে মিলটি সচল করা যেতো।"
একযুগ পর মিলটি চালু হতে দেখে এলাকাবাসী বেশ খুশি। মিলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর চাওয়া, আর যেন বন্ধ না হয় এ মিলের চাকা। নতুন কর্মসংস্থানের পাশাপাশি মিল ঘিরে নানা ধরনের ব্যবসা গড়ে উঠবে এ আশা এলাকাবাসীর।
মিলের এক সময়কার শ্রমিক চারু মিয়া এসে যোগ দিয়েছেন কাজে। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তার চাওয়া, মিলটি যেন আর বন্ধ না হয়।
নতুন শ্রমিক রোজিনা আক্তার বললেন, "কাজ পেয়ে ভালো লাগছে। মিলটি পুরোপুরি চালু হলে আমার মতো অনেকেই এখানে কাজ পাবে।"
ফারুক হোসেন ব্যাপারী জানান, প্রাথমিকভাবে প্রতি মাসে তিন লাখ পাউন্ড সূতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলের পুরনো যন্ত্রপাতি সরিয়ে নতুন যন্ত্রপাতি সংযোজন করা হলে উৎপাদন আরও বাড়বে। আর কর্মসংস্থানের সুযোগ হবে কয়েক হাজার নারী-পুরুষের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৮ ঘ.
bdnews24