নোয়াখালী, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মামলার আলামত হিসেবে আনা ককটেল বিস্ফোরণ হয়েছে নোয়াখালীর আদালতে।
রোববার সকাল পৌনে ১১টায় অতিরিক্ত জেলা জজ আবদুল হাই মিয়ার আদালতে ওই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশ সদস্য ও কয়েকজন আইনজীবী। এ ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সদর থানার পরিদর্শক খাদেমুল ইসলাম জানান, সেনবাগ থানার একটি অস্ত্র ও বিস্ফোরক মামলায় আলামত হিসেবে পাঁচটি পাইপগান, একটি বন্দুক, একটি রিভলবার ও পাঁচটি ককটেল এজলাসে আনা হয়। মেঝেতে ককটেলগুলো রাখার সময় কয়েকটির বিস্ফোরণ ঘটে। এতে কনস্টেবল মুকবুল মিয়ার (৪৯) ডান হাতের কব্জি মারাত্মক জখম হয়। এছাড়া সামান্য আহত হন কয়েকজন আইনজীবী।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমিন উল্লাহ বলেন, "বিচারক আবদুল হাইয়ের আদালতে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। ওই সময় পরবর্তী মামলার আলামত হিসেবে আনা ককটেলগুলো কাঠগড়ার পাশে রাখার সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় পুরো কক্ষ ধোঁয়ায় ছেয়ে যায়।"
ককটেল বিস্ফোরণের পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, অসাবধানতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল মুকবুল মিয়াকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি সেনবাগের বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে আবদুল হকের বাড়ি থেকে অস্ত্র ও ককটেলসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার শুনানির ধার্য দিনেই এ ককটেল বিস্ফোরণ ঘটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৭ ঘ.
bdnews24