ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)- রাজধানীর বাড্ডা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় শনিবার দুপুরে মিলন (২৩) নামে এক যুবক খুন হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিলনের পালক বাবা ফয়েজ খান অভিযোগ করেছেন, তার নির্মাণাধীন ভবনের কাঠ সরবরাহকারী ইসমাইল হোসেন রানার বাটালের আঘাতে মিলনের মৃত্যু হয়েছে।
বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আতাউর রহমান জানান, রানা বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ১৩৫/এ নম্বর প্লটে মিলনের বাবা ফয়েজ খানের নির্মাণাধীন ভবনের জন্য কাঠ সরবরাহ করতো। বকেয়া টাকার জন্য শনিবার সে ওই নির্মাণাধীন ভবনে যায়।
ফয়েজ খানের অভিযোগ অনুযায়ী, ঠিকমতো কাঠ না দেওয়ায় তিনি রানাকে টাকা দিতে অস্বীকার করলে রানার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এসময় মিলন সামনে এগিয়ে গেলে রানা তার বুকে কাঠ মিস্ত্রীর ব্যবহৃত বাটাল ঢুকিয়ে দেয়।
আতাউর রহমান জানান, মিলনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মিলনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আতাউর রহমান জানান, এ ঘটনায় ফয়েজ খান বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে রানা পলাতক রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/জিএমএ/জেকে/২৩০৯ ঘ.
bdnews24